আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার
পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির।   ছবি: আরটিএনএন

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সকল ইউনিটের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জানমাল রক্ষায় আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ প্রধান এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকায় কর্মরত বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।