মাহফুজ আলম, অন্তর্বর্তীকালীন সরকার
মাহফুজ আলম।   ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে মাহফুজ আলম লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানকে যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ঠিক নয়, তেমনি দেশের অন্যান্য গণআন্দোলন বা অভ্যুত্থানের সঙ্গে এক কাতারে ফেলা উচিত হবে না।

তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তনের লক্ষ্যে দ্বিতীয় একটি বড় প্রচেষ্টা। এটি ব্যর্থ হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি বলেও তিনি মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, এই অভ্যুত্থানের ঘোষণায় রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি উত্থাপিত হয়েছিল। তার মতে, এত বিস্তৃত ও সমন্বিত রাষ্ট্রকল্প এর আগে কোনো আন্দোলন বা অভ্যুত্থানে দেখা যায়নি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাঙালির দীর্ঘ উপনিবেশবিরোধী সংগ্রামের চূড়ান্ত পরিণতি। সেই ধারাবাহিকতায় দেশের প্রতিটি ঐতিহাসিক আন্দোলনকে একটি চলমান সংগ্রামের অংশ হিসেবে দেখা উচিত, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।

শেষে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক ও সাংস্কৃতিক লড়াইয়ের অনুপ্রেরণা থেকে জন্ম নেওয়া জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান রাষ্ট্রগঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায়।