অনলাইন, অফলাইন
দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়েও (সরকারি ও বেসরকারি) অনলাইন ও অফলাইন (সশরীর) মিলিয়ে (ব্লেন্ডেড) শ্রেণি কার্যক্রম চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।   ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাস সংক্রান্ত নতুন নির্দেশনা আজ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। 

রবিবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত নতুন নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি।

তিনি জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী রবিবার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু হবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।’

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হবে। এতে জোড়-বিজোড় অনুযায়ী তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে পাঠদানের প্রস্তাব রয়েছে। অর্থাৎ, এক দিন অনলাইনে ক্লাস হলে পরদিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অনলাইন ক্লাস হলেও শিক্ষকেরা সশরীর উপস্থিত থেকে পাঠদান করবেন, এবং ব্যবহারিক ক্লাস হবে অবশ্যই সশরীরে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ প্রায় ৪০ দিনের ছুটির পর গত রবিবার পুনরায় খোলা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানিসংকট বেড়ে যাওয়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি সামনে এসেছে। এখন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা আজ জানা যাবে।