খালেদা জিয়া, তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।   ছবি: সংগৃহীত

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়া শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসন থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় নেতাদের দাবি, নানা রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও এই এলাকায় বিএনপির সমর্থন এখনো শক্ত অবস্থানে রয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ এর মানুষ বেগম খালেদা জিয়াকে কেবল রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন অভিভাবক হিসেবেই বিবেচনা করেন। আগের যেকোনো সময়ের তুলনায় এবারও তারা আরও বেশি সমর্থন জানাতে প্রস্তুত।

একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয় থেকে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিস এলাকায় অবস্থান নিলেও মনোনয়ন উত্তোলনের সময় তারা ভেতরে প্রবেশ করেননি।

মনোনয়ন সংগ্রহ শেষে রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমানের বগুড়া সদর আসন থেকে নির্বাচন করার বিষয়টি শুধু একটি প্রার্থিতা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। বগুড়ার মানুষ তাকে জাতীয় নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেন এবং ধানের শীষে ভোট দিতে তারা আগ্রহী।