এনসিপি, নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের মধ্যে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকখানি এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে আমরা জানিয়েছি, এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের আত্মবিশ্বাস নেই।’ একটি বিশেষ দলকে সুবিধা দিতে ইঙ্গিতপূর্ণ সিগন্যাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘ঋণখেলাপি থাকা অনেক ব্যক্তির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।’

নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় মাঠপর্যায়ে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

নাহিদ ইসলাম বলেন, ‘নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই আমরা মাঠে কাজ করে যাব। নির্বাচনী প্রস্তুতির দিক থেকে বলতে গেলে, বিএনপির জোটের মধ্যে জামায়াত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে রয়েছে।’

এমকে/আরটিএনএন