জামায়াত, মগবাজার
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়।   ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় দলের নীতি নির্ধারণী ফোরামের এ বৈঠক শুরু হয়। 

বৈঠক থেকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

সকাল ১০টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন। বৈঠক শেষে ১০ দলীয় জোটের লিঁয়াজো কমিটির পৃথক বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দল ২৫৩টি আসনে পারস্পরিক সমঝোতার ঘোষণা দেয়। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছিল।

তবে শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তোলে এবং ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানায় দলটি।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠকে বসতে পারে ১০ দলের প্রতিনিধিরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত দলটিকে ১১ দলীয় জোটে রাখার চেষ্টা চালানো হবে। সে উদ্যোগ ব্যর্থ হলে বর্তমানে ফাঁকা থাকা ৪৭টি আসনে পরবর্তী সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ১০ দল।

এমকে/আরটিএনএন