জামায়াত
প্রেস ব্রিফিংয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।   ছবি: সংগৃহীত

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত চরমোনাইয়ের জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। 

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে জোটের ১০ দল— এমনটি জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী আন্দোলন জোটে না ফিরলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ১০ দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।

তিনি বলেন, ১১ দলের সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যে আসনগুলো চূড়ান্ত করা হয়েছিল, সেগুলো এখনো ফাঁকা রয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে ১০ দল।

জুবায়ের আরও বলেন, শেষ পর্যন্ত যদি ইসলামী আন্দোলন জোটে না আসে, তাহলে ফাঁকা রাখা ৪৭টি আসনে নিজেদের প্রার্থী দেওয়ার বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করা হবে। এ সিদ্ধান্ত নেবে ১০ দলের লিঁয়াজো কমিটি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের শীর্ষ নেতারা ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ–কে জোটে রাখার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছিল।

এমকে/আরটিএনএন