জামায়াত আমির, ডা. শফিকুর রহমান
কিশোরগঞ্জে জনসভায় কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেউ চোরাগোপ্তা পথে আর ক্ষমতায় যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত আমির বলেন, অতীতের কাসুন্দি জনগণ এখন আর পছন্দ করে না। ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির সমাপ্তি টানতে চায় বর্তমান যুব সমাজ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যে-ই জিতুক আমরা তাদের বরণ করে নেবো, কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণ যদি ভালোবেসে আমাদের ভোট দিয়ে ক্ষমতায় নেয়, তাহলে আমরা সব শক্তি দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো।

নদী সংস্কারের মাধ্যমে দেশ সংস্কার শুরু করা হবে জানিয়ে জামায়াত আমির বলেন, কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। অতীতে যে জেলা যত বেশি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেসব জেলায় তত বেশি উন্নয়ন করবো।

এ সময় নারীদের প্রসঙ্গ টেনে অভিযোগ করে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে তিনি সোচ্চার থাকার কারণে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা প্রশাসনের কাছে কোনো আনুকূল্য চাই না। তবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হলে তার কঠিন জবাব দেওয়া হবে।