এবি পার্টি, মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।    ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) তাঁর এই ভাষণ সম্প্রচারিত হবে।

এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষণে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা নিয়ে দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরবেন মজিবুর রহমান মঞ্জু। একই সঙ্গে কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কার্যক্রম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবি এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এবি পার্টির দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন করবেন তিনি।

দলের নীতি নির্ধারকদের মতে, এই ভাষণে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক ‘কল্যাণরাষ্ট্র’ গঠনে এবি পার্টির পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রতিফলিত হবে।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে দলটি।

এবি পার্টির নেতারা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই ভাষণ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।