জনতার ঢল, ভিপি নুর
নুরুল হক নুর।   ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তারা কোনো প্রতিহিংসার রাজনীতি করেননি এবং কাউকে আঘাত করেননি। তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি করতে চাই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাট-বাজার, লঞ্চঘাট ও খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমখোলা তরমুজ ঘাট ও হরিদেবপুর ঘাট উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চরের জমি যেন প্রকৃত কৃষকরা মালিকানা পান, সে বিষয়ে কাজ চলছে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়া বরদাশত করা হবে না।

মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে এলাকায় কোনো তরুণ বেকার না থাকে।

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ গণ-ইফতার মাহফিলে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার উপজেলায় আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।