মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখার এবং তাদের ঘরে আটকে রাখার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনো দেশই সামনে এগিয়ে যেতে পারে না।

সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এলজিইডি আয়োজিত নির্বাচিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তার দেখানো পথ অনুসরণ করেই বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণে কাজ করার জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি। নির্বাচনী প্রতিশ্রুতিতেও দলটি নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে।

এলজিআরডি মন্ত্রী বলেন, তারেক রহমান দেশের উন্নয়নের জন্য বিভিন্ন পরিবর্তনের কথা বলেছেন। ঢাকায় ফিরে তিনি যে পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে। বিধ্বস্ত রাষ্ট্র কাঠামো ও দুর্বল অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করলেও শিগগিরই পরিস্থিতি ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, ন্যায়ভিত্তিক ও সহনশীল সমাজ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত সমাজ গঠনের জন্য নারী ও পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে দেশজুড়ে এলজিইডির বিভিন্ন প্রকল্প থেকে বাছাই করা নয়জন আত্মনির্ভরশীল নারীর হাতে ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়।