ববি হাজ্জাজ, মামুনুল হক
ববি হাজ্জাজ ও মামুনুল হক।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক।

বুধবার (১১ মার্চ) হাইকোর্ট সূত্রে জানা গেছে, বিচারপতি মো. জাকির হোসেন-এর একক বেঞ্চ আগামী বুধবার এ আবেদনের ওপর শুনানি করবেন।

ঢাকা–১৩ আসনে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ববি হাজ্জাজ। তার বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের আবেদন করেছেন মামুনুল হক।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার অধীনে নির্বাচনী অনিয়মের অভিযোগে হাইকোর্টে ‘নির্বাচনী’ আবেদন দায়ের করা হয়। এসব আবেদনের শুনানির জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ সেগুলোর শুনানি গ্রহণ করছেন।