শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড
বিশ্বকাপ মিশন শুরু হলো শ্রীলঙ্কার ২ পয়েন্ট দিয়ে।   ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আইরিশদের একের পর এক ফিল্ডিং ভুল কাজে লাগিয়ে ২০ রানের জয় নিশ্চিত করে লঙ্কানরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক বল বাকি থাকতেই ১৪৩ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। এই জয়ের ফলে টি–টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা ১১তম ম্যাচ জয়ের রেকর্ড ধরে রাখল শ্রীলঙ্কা। বিশ্বকাপ মিশন শুরু হলো তাদের জন্য ২ পয়েন্ট দিয়ে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের চার ওভার বাকি থাকতে দলটির সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০৪ রান। তবে শেষ চার ওভারে আইরিশ ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে ১৭তম ওভারে দুটি সহজ ক্যাচ ফেলায় ওই ওভারেই ২১ রান আদায় করে নেয় শ্রীলঙ্কা।

শেষ দিকে কুশল মেন্ডিসের অপরাজিত ৪৩ বলে ৫৬ রান এবং কামিন্দু মেন্ডিসের ১৯ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। শেষ চার ওভারে ৫৯ রান দিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় আয়ারল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪৫ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দেয় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ও লরকান টাকার জুটিতে ১৫ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১০৫ রান। কিন্তু এরপরই লঙ্কান স্পিন আক্রমণের সামনে ভেঙে পড়ে আইরিশ ব্যাটিং লাইনআপ।

মাত্র ৩৮ রানের ব্যবধানে শেষ ৮টি উইকেট হারায় আয়ারল্যান্ড। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুনিথ ভেল্লালাগের স্পিনে টেক্টর ও টাকার বিদায়ের পর মাহিশ থিকশানা টানা দুই বলে উইকেট তুলে নিয়ে নিশ্চিত করেন শ্রীলঙ্কার জয়।

শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা তিনটি করে উইকেট নেন। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন কামিন্দু মেন্ডিস। অন্যদিকে আয়ারল্যান্ডের জন্য শুরুটা ভালো হলেও ফিল্ডিংয়ের দুর্বলতা ও স্পিন খেলায় ব্যর্থতাই শেষ পর্যন্ত হার ডেকে আনে।

এই জয়ে গ্রুপ পর্বে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল শ্রীলঙ্কা।