পাকিস্তান ক্রিকেট দল, পিসিবি, আইসিসি, ভারত, যুক্তরাষ্ট্র
টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল পাকিস্তান   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসের সেই দুঃস্মৃতি আর ফিরল না কলম্বোর পিচে। দুই বছরের পুরোনো ক্ষতের বদলা নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল পাকিস্তান। ম্যাচের আগে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার মোহাম্মদ মহসিন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, ২০২৪ বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানের ওপরই ‘চাপ’ থাকবে। কিন্তু কলম্বোর মাঠে আজ পাকিস্তানকে বিন্দুমাত্র চাপে ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং ৩২ রানের বড় জয়ে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। আজ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯০ রান তোলে পাকিস্তান। জবাবে যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানেই থেমে যায়।

পাকিস্তানের ব্যাটিং দাপট ও যুক্তরাষ্ট্রের প্রতিরোধ
যুক্তরাষ্ট্রের বোলারদের একমাত্র সাফল্য ছিল পাকিস্তানকে ২০০ রানের নিচে আটকে রাখা। ইনিংসের শুরুটা ছিল ঝোড়ো। ওপেনিং জুটিতে মাত্র ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। তবে ষষ্ঠ ওভারে বল হাতে যুক্তরাষ্ট্রের মিডিয়াম পেসার শ্যাডলি ফন শালভিক ম্যাচের মোড় কিছুটা ঘুরিয়ে দেন।

ষষ্ঠ ওভারের প্রথম বলে ১৭ বলে ১৯ রান করা সাইম আইয়ুব এবং শেষ বলে অধিনায়ক সালমান আগাকে (১ রান) সাজঘরে ফিরিয়ে জোড়া আঘাত হানেন শালভিক। তবে ওপেনার সাহিবজাদা ফারহান এক প্রান্তে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান। মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি। বাবর আজমের সঙ্গে ৫২ বলে ৮২ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। বাবর শেষ পর্যন্ত ৩২ বলে ৪৬ এবং সাহিবজাদা ৪১ বলে ৭৩ রান করে আউট হন।

মিডল অর্ডারে শাদাব খান ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন। মনে হচ্ছিল পাকিস্তান সহজেই ২০০ রান ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ দিকে মাত্র ৪ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে তা আর সম্ভব হয়নি। শালভিক ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও ৪ উইকেট শিকার করেন, খরচ করেন মাত্র ২৫ রান।

যুক্তরাষ্ট্রের লড়াই ও পাকিস্তানের বোলিং
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র শুরুটা বেশ ভালোই করেছিল। ৪.৪ ওভারেই ওপেনিং জুটিতে ৪২ রান তুলে ফেলে তারা। কিন্তু মোহাম্মদ নেওয়াজ আন্দ্রিস গৌওসকে ফিরিয়ে এই জুটি ভাঙার পরই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে যুক্তরাষ্ট্র।

দলের হয়ে শুভম রঞ্জানে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩০ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তবে দলের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পক্ষে স্পিনার উসমান তারিক ৩টি এবং শাদাব খান ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

  • পাকিস্তান: ১৯০/৯ (২০ ওভার) (সাহিবজাদা ৭৩, বাবর ৪৬, শাদাব ৩০; শালকভিক ৪/২৫)।
  • যুক্তরাষ্ট্র: ১৫৮/৮ (২০ ওভার) (শুভম ৫১, শায়ান ৪৯, মিলিন্দ ২৯; তারিক ৩/২৭, শাদাব ২/২৬)।
  • ফল: পাকিস্তান ৩২ রানে জয়ী।
  • ম্যাচসেরা: সাহিবজাদা ফারহান।