পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের রাজনীতি, দুর্নীতি ও কাঠামোগত দুর্বলতার অভিযোগ তুলে মাত্র ২৪ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন তরুণ ক্রিকেটার শাহজাইব ভাট্টি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় নিজের অবসরের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘বিদায় পাকিস্তান ক্রিকেট।’ একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সুযোগ না পাওয়াকেই এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ভাট্টি পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা কায়েদ-এ-আজম ট্রফির ২০২৪–২৫ মৌসুমে শিয়ালকোট অঞ্চলের হয়ে খেলেছিলেন। ওই মৌসুমের ফাইনালে পেশোয়ার অঞ্চলের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে জয় পায় শিয়ালকোট। সেই ম্যাচে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন ভাট্টি, যা দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়া ওই ফাইনালের পর নিজের ক্যারিয়ারে নতুন সুযোগের দ্বার খুলবে বলে আশা করেছিলেন এই তরুণ ক্রিকেটার।
তবে তার অভিযোগ, ফাইনালের পর থেকেই অজ্ঞাত কারণে তাকে আর দলে সুযোগ দেয়া হয়নি। ভাট্টির দাবি, পরবর্তী সময়ে প্রায় ৪০টি ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিয়মিত সুযোগ পাওয়ার আশা করলেও বাস্তবে সেটি হয়নি বলে জানান তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে বাধ্য হওয়ায় হতাশা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
অবসরের ঘোষণায় ভাট্টি লেখেন, মাত্র ২৪ বছর বয়সেই তাকে পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানাতে হচ্ছে, যা তার জন্য অত্যন্ত কষ্টের। গত বছর কায়েদ-এ-আজম ট্রফি জয়ী দলের সদস্য হওয়া সত্ত্বেও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণের পথ বন্ধ হয়ে গেছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটে রাজনীতি, দুর্নীতি এবং দুর্বল কাঠামো একজন খেলোয়াড়ের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
তিনি আরও দাবি করেন, শুধু তিনিই নন এমন অনেক প্রতিভাবান ক্রিকেটার একই কারণে আগেই ক্রিকেট ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তার মতে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রতিভার অভাব নেই, কিন্তু সঠিক মূল্যায়ন ও সুযোগের ঘাটতির কারণে অনেক সম্ভাবনাময় ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতেও আরও তরুণ ক্রিকেটার হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পরিসংখ্যানের বিচারে ভাট্টির পেশাদার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এখন পর্যন্ত তিনি মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এছাড়া একটি লিস্ট ‘এ’ ম্যাচ এবং কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়ার অভিজ্ঞতা রয়েছে তার। শিয়ালকোটের এই ক্রিকেটার খুব পরিচিত নাম না হলেও তার অবসর ঘোষণা এবং অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
ক্রিকেট বিশ্লেষকদের একাংশ ভাট্টির ঘটনাকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, ২৪ বছর বয়স সাধারণত একজন ক্রিকেটারের ক্যারিয়ার গড়ে ওঠার সময়, শেষ হওয়ার নয়। ফলে তার অভিযোগ সত্য প্রমাণিত হলে তা পাকিস্তানের ক্রিকেট কাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!