ক্রিকেট
ক্রিকেটার সাকিব আল হাসান।   ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে এক পডকাস্টে সাকিব জানান, তিনি দেশে ফেরার বিষয়ে আশাবাদী। তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতার সমাধান হলেই দ্রুত দেশে ফিরবেন বলেও জানান তিনি। সাকিব বলেন, ‘আমি আশা করি ফিরতে পারব, বিষয়গুলো এখন মূলত আইনি জটিলতার মধ্যে রয়েছে এবং সেগুলো সমাধানের চেষ্টা চলছে।'

তবে সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়ে ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরা হচ্ছে না। চলমান পাকিস্তান সিরিজকে ঘিরে তার দেশে ফেরার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি সেই সিরিজে অংশ নিতে দেশে আসেননি।

তাই প্রশ্নটা ক্রমে বেড়েই চলেছে, কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব? কোথায় আটকে আছে তার দেশে ফেরার পথটা? অবশেষে নিজেই সেসব বিষয়ে মুখ খুলেছেন এই অলরাউন্ডার। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে সাকিব নিজেই জানিয়েছেন কবে দেশে ফেরার পরিকল্পনা করছেন।

তিনি মনে করেন, বিসিবি এ বিষয়ে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছে। বোর্ড যদি আরও সক্রিয়ভাবে উদ্যোগ নেয়, তাহলে সমস্যাগুলোর সমাধান হয়তো আরও দ্রুত সম্ভব হতে পারে। তিনি বলেন, ‘বোর্ড এখন পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে। একটু বেশি চেষ্টা করলে এই বিষয়গুলো আরও দ্রুত সমাধান হতে পারে।’ 

তিনি আরও বলেন, আইনি বিষয় হওয়ায় পুরো প্রক্রিয়া কতদিন লাগতে পারে তা তার নিজের পক্ষেও নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ এমন পরিস্থিতির অভিজ্ঞতা আগে তার হয়নি। তাই আপাতত এসব জটিলতা নিরসনের অপেক্ষায় রয়েছেন তিনি।

সাকিব সারা জীবন খেলার মাঠে লড়েছেন খেলোয়াড়দের বিপক্ষে। দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনীতির মাঠেও ‘লড়েছেন’। তবে আদালতের লড়াই এবারই প্রথম। স্বীকার করলেন পরিস্থিতিটা তার কাছে অপরিচিত। তিনি বলেন, ‘এই আইনি বিষয়গুলো আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

তবে এসব মিটে গেলেই যে কেবল তিনি ফিরতে পারবেন, সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তার কথা, ‘আইনি বিষয়গুলো মিটে গেলে যত দ্রুত সম্ভব ফিরে আসব। একদিন যদি বিষয়টার সমাধান হয়, ইনশাআল্লাহ পরদিনই ফিরব।’