বিসিবি, পদত্যাগ
বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন মেহরাব আলম চৌধুরী (বাঁয়ে) শানিয়ান তানিম (মাঝে) ও ফায়জুর রহমান মিতু।   ছবি: সংগৃহীত

মিরপুরের হোম অব ক্রিকেটে এখন শুধু মাঠের লড়াই নয়, প্রশাসনিক দপ্তরেও চলছে তোলপাড়। শনিবার রাত পর্যন্ত জানা গেছে, বিসিবি বোর্ডের তিনজন উচ্চপদস্থ পরিচালক পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্র জমা দিয়েছেন শানিয়ান তানিম এবং মেহরাব আলম চৌধুরী, যারা গত নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে জয়ী হয়ে বোর্ডে এসেছিলেন। সঙ্গে যোগ দিয়েছেন ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফায়াজুর রহমান মিতু।

শানিয়ান তানিম দায়িত্বে ছিলেন ফ্যাসিলিটিজ কমিটির, মেহরাব আলম চৌধুরী ছিলেন বিসিবির নিরাপত্তা প্রধান, আর ফায়াজুর রহমান মিতু আজ কার্যনির্বাহী সভায় উপস্থিত হয়ে সশরীরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এবারের পদত্যাগের সঙ্গে মিলিয়ে চলতি মেয়াদে মোট ছয়জন পরিচালক বিসিবি থেকে বিদায় নিলেন। এর আগে পদত্যাগ করেছিলেন- ইশতিয়াক সাদেক (গেম ডেভেলপমেন্ট), ইয়াসিন ফয়সাল (লজিস্টিকস অ্যান্ড প্রটোকল) এবং আমজাদ হোসেন (মিডিয়া কমিটি)।

বিসিবির মিডিয়া প্রধান মোখসেদুল কামাল বাবু পদত্যাগকে ‘ব্যক্তিগত কারণে’ উল্লেখ করে বলেছেন, যারা চলে গেছেন তাদের অবদান বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ ছিল।

তবে গ্রাউন্ডস কমিটির প্রভাবশালী কর্তা ইফতেখার রহমান মিঠু স্বীকার করেছেন, গণপদত্যাগ মোটেও স্বাভাবিক ঘটনা নয়। তিনি বলেন, কেউ সরাসরি কোনো কারণ দেখাননি। ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে তারা বলেছে ‘ব্যক্তিগত কারণ’।

বিসিবির বর্তমান কমিটি শুরু থেকেই বিতর্কের মধ্যে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে একাংশ কাউন্সিলর। ইতিমধ্যেই প্রথম বিভাগের আটটি দল এবং দ্বিতীয় বিভাগের ১২টি দল লিগে অংশ না নিয়ে বিসিবিকে বয়কট করেছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

এ দিকে এক সাক্ষাৎকারে ‘সবাই এইভাবে পদত্যাগ করলে আপনি কি করবেন?’ এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকবো। চলে যাওয়ার জন্যে আমি হবো শেষ ব্যাক্তি।’

মাঠের ক্রিকেটের চেয়ে এখন বোর্ডের অন্দরের সমীকরণ মিলানোই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।