বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল।
বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল।   ছবি: সংগৃহীত

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিসিবি বোর্ডকে অবৈধ ঘোষণা করে নির্বাচনে কারচুপিসহ কয়েকটি অনিয়ম দেখিয়ে ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ কমিটি। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নতুন করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

নতুন কমিটির সদস্যরা হলেন: ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম। ফাহিম সিনহা সর্বশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্বে ছিলেন।

নতুন এডহক কমিটির প্রধান কাজ আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। তবে তামিম ইকবাল মনে করেন, ক্রিকেট বোর্ডের সুনাম পুনরুদ্ধারই তার প্রধান লক্ষ্য।

সভাপতি হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তামিম বলেন, “অবশ্যই আমরা নির্বাচন করব। এখানে প্রতিটি ব্যক্তিকে সুযোগ দিতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি নির্বাচন করি, কিংবা রফিকুল ইসলাম বাবু করতে চাইতে পারেন। যখন ফ্রি ও ফেয়ার ইলেকশন হবে, শুধু আমরা নই, যারা আগ্রহী সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।”

এর আগে তামিম তিন মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন। যদিও নির্বাচনের সময় তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এনএসসির তদন্ত কমিটি বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ হিসেবে তুলে ধরেছিল– নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহার।

দেশের ক্রীড়া আইন অনুসারে আসন্ন বিসিবি নির্বাচনে তামিম বা এডহক কমিটির সদস্যদের অংশ নেওয়ার ওপর কোনো বাধা নেই। ফলে তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারবেন।