আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।   ছবি: সংগৃহীত

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

আইপিএলের কারণে সেরা খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। কিউইরা বিকল্প বা ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও বাংলাদেশ সেই বিলাসিতা দেখাতে রাজি নয়। মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য হোম সিরিজগুলো থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় টাইগাররা। সে লক্ষ্যেই প্রধান নির্বাচক হাবিবুল বাশার তার প্রথম দল ঘোষণায় সেরা খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড সাজিয়েছেন।

সিরিজের গুরুত্ব বিবেচনায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা তারকাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন তাই ১৩ এপ্রিল দেশে ফিরবেন। এর মধ্যে মুস্তাফিজ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে পুনরায় পিএসএল খেলতে পাকিস্তানে ফিরে যাবেন। পেস আক্রমণে তাদের সঙ্গে থাকছেন তারকা পেসার তাসকিন আহমেদ। কোচ ফিল সিমন্সের পরিকল্পনায় ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই স্পোর্টিং উইকেটে খেলবে দল।

বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের অনুমোদন পাওয়ার পরই আজ আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। ১৯ তারিখ একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল:

অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং টিমের বাকিরা হলেন: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ রিদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।