দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.০ ডিগ্রী  সেলসিয়াস রের্কড করা হয়েছে। 
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.০ ডিগ্রী  সেলসিয়াস রের্কড করা হয়েছে।    ছবি: সংগৃহীত

আজ দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭.০ ডিগ্রী  সেলসিয়াস রের্কড করা হয়েছে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ চলছে। এছাড়াও গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।
তিনি আরো বলেন, তবে শৈত্যপ্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে।

চলতি  মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি  । 
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। 

সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলেনি। ভোর থেকেই জেলার গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আজ (০৮-০১-২০২৬) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়। সকাল ও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এছাড়াও, রংপুর বিভাগের অন্যান্য কয়েকটি স্থানের চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা: সৈয়দপুর ৯.৫, রংপুর ৯.৪, রাজারহাট (কুড়িগ্রাম) ৯.০, ডিমলা (নীলফামারী) ৯.০ ডিগ্রি সেলসিয়াস অব্যাহত রয়েছে। 

মেহেরপুরে কয়েক দিন ধরে টানা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে  জনজীবন। উত্তরের হিমেল বাতাস ও কনকনে ঠাণ্ডায় স্বাভাবিক জীবনযাত্রা  ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।