লক্ষ্মীপুর, সাংবাদিক, পরিকল্পিত, হামলা
লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা   ছবি: সংগৃহীত

ক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এ হামলা চালানো হয়।

আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার এবং স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক তারেক মাহমুদ জানান, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় এক অপরিচিত ব্যক্তি তার গতিরোধ করে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দুইটি রিকশাযোগে আরও কয়েকজন এসে মব তৈরি করে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে হত্যার চেষ্টা চালায়। 

তিনি আরও বলেন, ওরা আমার চোখ নষ্ট করে দেয়ার উদ্দেশ্যে বারবার চাবি দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। এলাকাবাসী এগিয়ে না এলে হয়তো আজ আমি বেঁচে ফিরতে পারতাম না। 

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, স্থানীয় বিএনপি কর্মী কিরন ও ফরিদ এই হামলার নেতৃত্ব দেয়। এ ঘটনায় তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে সাংবাদিকের ওপর এ নৃশংস হামলার ঘটনায় লক্ষ্মীপুরের সাংবাদিক মহল তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।