গাজীপুর, মরদেহ উদ্ধার
গাজীপুরের নয়নীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে।   ছবি: সংগৃহীত

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এতে ঘটনাস্থলেই ওই নারী ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নয়নীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে তাঁর দুই সন্তানের নাম ও বয়স জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মালা তাঁর দুই সন্তানকে সঙ্গে নিয়ে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশের রেললাইনে হঠাৎ দৌড়ে আসেন। এ সময় একটি চলন্ত ট্রেনের নিচে তিনি সন্তানদের নিয়ে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের শরীর দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এক নারী তাঁর দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।’