ট্রেন চলাচল, কিশোরগঞ্জ
ট্রেনটি জংশন থেকে প্রায় ১৫০ মিটার এগিয়ে যাওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়।   ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার কিছুক্ষণ পর এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি জংশন থেকে প্রায় ১৫০ মিটার এগিয়ে যাওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ।

তিনি বলেন, ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছায়। কেবিন মাস্টারের সংকেত পাওয়ার পর সামনের দিকে অগ্রসর হলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা সম্ভব না হলেও পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে লাইন স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।