নির্বাচন
ভোলা সদর-১ আসনের প্রার্থী আন্দালিব রহমান পার্থ।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোলা সদর-১ আসনের প্রার্থী আন্দালিব রহমান পার্থ নিজের নির্বাচনী আসনে ভোট দিতে পারবেন না। তিনি ভোলা সদর-১ আসনের ভোটার নন।

ভোটার তালিকায় তার নাম রয়েছে ঢাকা-১৭ আসনের বারিধারায়। তাই তিনি ভোলা-১ আসনে ভোট দিতে পারবেন না। পার্থর ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার কথা ছিল। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে পার্থকে ভোলা সদর-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পার্থ বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেড, ৫৯ পার্ক রোড (ডিপ্লোমেটিক জোন), ঢাকা-১২১২ ঠিকানার ভোটার। সেখানে তার ভোটার ক্রমিক নম্বর ১৭৪০ এবং ভোটার নম্বর ২৬১১০১০০০৯৬৯।

আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় নিজ নিবন্ধিত এলাকায়।

এ বিষয়টি নিয়ে ভোলা-১ আসনের ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে।

তবে আন্দালিভ রহমান পার্থর সমর্থকদের দাবি, ভোলা তার পৈতৃক বাড়ি। তিনি যেখানকারই ভোটার হোন না কেন, তার বড় পরিচয় তিনি ভোলার সন্তান। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র নাজিউর রহমানের ছেলে হিসেবে পরিচয় দিচ্ছেন। পাশাপাশি তিনি ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দালিভ রহমান পার্থ বেশ জনপ্রিয়।