আলমডাঙ্গায় জামায়াত ও বিএনপির দুই কর্মীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
আলমডাঙ্গায় জামায়াত ও বিএনপির দুই কর্মীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গায় নির্বাচনি আরচরণ বিধি লংঘনের অপরাধে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা স্কুলমোড় এলাকার ওই দুই কর্মীকে জরিমানা করা হয়। ধানের শীষ ও দাঁড়িপাল্লার দীর্ঘ তোরণ নির্মাণের অপরাধে তাদের জরিমানা করা হয় বলে স্থানীয়ভাবে জানা গেছে।

আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের ব্রিজ সংলগ্ন স্কুলমোড়ে আলাদা দুটি স্থানে ধানের শীষ ও দাঁড়িপাল্লার তোরণ তৈরি করেন স্থানীয় নেতৃবৃন্দ। এতে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘিত হয়।

আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  নতিডাঙ্গা গ্রামের আবদুল মজিদ মালিতার ছেলে বিএনপিকর্মী তানশিল ছোটনকে ৫ হাজার ও একই গ্রামের প্রয়াত জবেদ আলীর ছেলে জামায়াতকর্মী সেলিম রেজাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডিতরা সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করেন।