জীবননগর, চুয়াডাঙ্গা
জীবননগর উপজেলায় উথলী গ্রামের মালোপাড়ার নিকট দুর্ঘটনা ঘটে।   ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলমসাধু উল্টে গেছে। এ ঘটনায় সন্ধ্যা রানি (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্ধ্যা রানি দর্শনা রামনগর বাগদীপাড়ার দুলাল মণ্ডলের স্ত্রী। আহতরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন— বাদোলি রানি (৩০), বিকাশ মণ্ডল (৪৫), রিকা রানি (৪০), শেফালী (৪৫), সন্ধ্যা (৫০), জোসনা (৫০), চায়না (৩০), টুকুল (৩০), অশোক (৪০) এবং আলমসাধু চালক মিলন (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাঁপি বিক্রি শেষে আলমসাধুযোগে খালিশপুর থেকে দর্শনায় ফিরছিলেন। পথে উথলী মালোপাড়ার কাছে পৌঁছালে দুটি শিয়াল হঠাৎ গাড়ির সামনে চলে আসে। শিয়ালকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সন্ধ্যা রানি মারা যান।

উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু বলেন, উথলী মালোপাড়ায় আলমসাধু উল্টে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পেয়েছি।

এ বিষয়ে জীবননগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।