জনপ্রশাসন উপদেষ্টা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।   ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি ইতোমধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করে সেভাবেই কাজ আদায় করছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউস-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মো. ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে আসেন।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগ সারা বিশ্বের মধ্যে চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দেশের জন্য অনুপ্রেরণার এবং আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বিভিন্ন খাতে ধস নেমেছে, প্রশাসনও এর বাইরে নয়। প্রধানমন্ত্রীর নীতিমালা অনুযায়ী একটি দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা হবে, যা জনগণের সেবক হিসেবে কাজ করবে—প্রশাসক হিসেবে নয়। তিনি বলেন, সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও ধানের শীষের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক রয়েছে। তবে সবার আগে বাংলাদেশ—এটাই মূল পরিচয়। নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় অর্জন করেছে এবং এ বিজয়ের সঙ্গে বড় দায়বদ্ধতা জড়িত। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, একটি উদার গণতান্ত্রিক, সমৃদ্ধ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিএনপির নির্বাচনী ইশতিহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নকে তিনি পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শুধু বিএনপি নয়, সব দলকে সঙ্গে নিয়ে জাতিকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।

এর আগে লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপনসহ অনেকে। এ সময় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ অন্যান্য সদস্যরা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।