গুলিবিদ্ধ
বিএসএফের ছোড়া গুলিতে আজাদ নামে যুবক গুরুতর আহত।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে আজাদ (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ ঘটনা ঘটে। আহত আজাদ জীবননগর উপজেলার সদর পাড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো‌. মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, মাদক পারাপারের সময় ভারতের সীমান্তবর্তী বানপুর ধোনছে ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।

তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম তেতুল ভিন্ন তথ্য দিয়ে জানান, আজাদ বিকেলে সীমান্তসংলগ্ন মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত আজাদ অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানিয়েছে লোকমুখে শুনেছি আহত আজাদসহ কয়েকজন মাদকদ্রব্য আনার জন্য ভারতের অভ্যান্তরে প্রবেশ করেন। ভারতের বানপুরে ৬৬/১ এসে পিলার ২৫০শ মিটার দূরে  বিএসএফ তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে। এতে আজাদ আহত হন। বিজিবি আরও জানায়, বিস্তারিত জানার জন্য বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।