ঈদের ছুটিতে ১০ জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ২৫,  ঈদে এক্সিডেন্ট, ঈদ, ঈদুল ফিতর, সড়ক দূর্ঘটনা,
ঈদের ফাকা রাস্তায় যত দূর্ঘটনা।   ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা সড়কে দেশের ১০ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৪ জন। শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসকে মেইল ট্রেন ধাক্কা দিলে নারী-শিশুসহ অন্তত ১২ জন নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসটি ভোররাতে ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিনজন গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। স্থানীয়দের ধারণা, নিয়ন্ত্রণ হারিয়ে বা অন্য কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর রামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক সংস্কারকাজ চলাকালে ধীরগতির অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাসের ধাক্কা এবং পরবর্তীতে আরও একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হন। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

বান্দরবানের সুয়ালকে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই পর্যটক। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঈদের আনন্দ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাটে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

পাবনার ঈশ্বরদীতে বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় জুলফিকার ইসলাম জিল্লু নামে এক যুবক নিহত হয়েছেন। দাওয়াত দিতে যাওয়ার পথে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

কক্সবাজারের টেকনাফে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের সঙ্গে পর্যটকবাহী জিপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় সড়ক ফাঁকা থাকায় অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত চালনা এবং চলমান সড়ক সংস্কারকাজ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিভিন্ন ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।