শুটিং সেটে কারিশমা–রাভিনার ঠান্ডা লড়াই, ফাঁস করলেন ডিজাইনার,
বিজয় ও রাশমিকা মানদানি।   ছবি: সংগৃহীত

বলিউডের অনেক সিনেমা আছে, যা মুক্তির সময় খুব বেশি সাড়া না ফেললেও পরে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় কমেডি চলচ্চিত্র আন্দাজ আপনা আপনা ঠিক তেমনই একটি ছবি। সময়ের সঙ্গে এই ছবির সংলাপ, চরিত্র আর হাস্যরস দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তবে এই ছবির শুটিংয়ের পেছনে লুকিয়ে ছিল কিছু অজানা দ্বন্দ্বের গল্প।

সম্প্রতি ছবিটির পোশাক পরিকল্পনাকারী অ্যাশলে রেবেলো এক সাক্ষাৎকারে জানান, শুটিং চলাকালে দুই নায়িকা কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডনের সম্পর্ক খুব একটা স্বাভাবিক ছিল না। তাদের মধ্যে নীরব এক প্রতিদ্বন্দ্বিতা চলত, যা একসময় পোশাকের নকশা নিয়েও প্রতিযোগিতায় রূপ নেয়।

ছবির একটি জনপ্রিয় গানের দৃশ্য ধারণের সময় বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ে। রাভিনা ট্যান্ডনের জন্য আলাদা করে কয়েকটি বিশেষ পোশাক তৈরি করা হয়েছিল, যেখানে লোমশ কাপড় ও পালক ব্যবহার করে নতুনত্ব আনার চেষ্টা করা হয়। সেই পোশাক দেখে পরিচালকও সন্তুষ্ট হয়েছিলেন।

কিন্তু এরপরই শুরু হয় অন্যরকম প্রতিযোগিতা। অভিযোগ রয়েছে, কারিশমা কাপুর নিজের দলের একজনকে পাঠাতেন রাভিনার পোশাকের নকশা দেখতে। পরে সেই তথ্য অনুযায়ী নিজের পোশাক প্রস্তুতকারককে নির্দেশ দিতেন, যেন তার পোশাকও কম আকর্ষণীয় না হয়।

এই দূরত্ব শুধু পোশাকেই সীমাবদ্ধ ছিল না। শুটিং চলাকালে দুই অভিনেত্রীর মধ্যে কথাবার্তাও প্রায় বন্ধ ছিল। সহ–অভিনেতা আমির খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পুরো শুটিং প্রক্রিয়াই অনেক সময় বিশৃঙ্খল হয়ে উঠত।

শোনা যায়, রাভিনা সেটে এলে কারিশমা অনেক সময় সেখান থেকে চলে যেতেন, আবার কারিশমা এলে রাভিনা থাকতেন না। ফলে দুজনকে একসঙ্গে নিয়ে দৃশ্য ধারণ করাও কঠিন হয়ে পড়েছিল। তবু সব বাধা পেরিয়ে পরিচালক রাজকুমার সন্তোষি ছবিটি শেষ করতে পেরেছিলেন।

পরে সহ–অভিনেতা সালমান খান ও আমির খান মজার ছলে দুই নায়িকার মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করেন। একটি দৃশ্যে দুজনকে একসঙ্গে বেঁধে রাখা হয়েছিল। তখন হাসতে হাসতেই বলা হয়েছিল কথা না বললে তাদের ছাড়া হবে না। সেই ঘটনার পর কিছুটা হলেও অস্বস্তি কমে।

পরবর্তীতে রাভিনা ট্যান্ডনও স্বীকার করেন, শুটিংয়ের সময় সবাই নিজেদের কাজে এতটাই ব্যস্ত ছিল যে একে অপরের সঙ্গে খুব বেশি যোগাযোগ হতো না। তবু সেই টানাপোড়েনের মধ্যেই তৈরি হয়েছিল এমন একটি কমেডি চলচ্চিত্র, যা আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।

সিমু/আরটিএনএন