গাইবান্ধা, পৈতৃক সম্পত্তি
নিজের বাবার কবরস্থানে উঠে বেড়া ভাঙছেন শাহ আলম মিয়া শালু।   ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে পৈতৃক সম্পত্তি কম পাওয়ার অভিযোগে নিজের বাবার কবর ভাঙচুর করেছেন শাহ আলম মিয়া শালু নামের এক ব্যক্তি। মঙ্গলবার উপজেলার দক্ষিণ আনালের তারি গ্রামে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম মিয়া শালু একই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার পঞ্চম ছেলে। মৃত্যুর আগে আব্দুল মান্নান মিয়া তাঁর চার বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তবে দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া বেশি জমি পেয়েছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন শাহ আলম।

ঘটনার দিন বেলা দেড়টার দিকে তিনি বাবার কবরের ওপর উঠে কবরের বেড়া ভাঙচুর করেন। কবরস্থানটি ইকবাল মিয়ার জমির ওপর অবস্থিত। শাহ আলম দাবি করেন, তিনি কম জমি পেয়েছেন এবং ওই জায়গাটিও তাঁর প্রাপ্য।

এলাকাবাসী জানান, শাহ আলম মিয়া শালু একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন। কেউ তাঁর বিরুদ্ধে কথা বললে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। তবে নিজের বাবার কবর ভাঙচুরের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আমজাদ বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এমন কাজের তীব্র নিন্দা জানাই এবং দোষীর শাস্তি দাবি করছি।’

অভিযোগের বিষয়ে জানতে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ছেলেটির এমন আচরণ খুবই দুঃখজনক।’