নওগাঁয় দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, বহিষ্কৃত অধ্যক্ষের পুনর্বহালে বাধা
অধ্যক্ষের পুনর্বহালের অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন।   ছবি: আরটিএনএন

দুর্নীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং সাময়িক বহিষ্কৃত অধ্যক্ষের পুনর্বহালের অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘বহিষ্কৃত অধ্যক্ষের ঠাঁই নাই’—এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সাময়িক বহিষ্কৃত অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। কিন্তু বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা শিক্ষা কর্মকর্তার ‘যোগসাজশে’ তাঁকে পুনরায় স্বপদে বসানোর অপচেষ্টা চালানো হচ্ছে। বক্তারা এই উদ্যোগকে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শৃঙ্খলার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেন।

বক্তারা আরও বলেন, “একজন অভিযুক্ত ব্যক্তিকে পুনরায় পুনর্বহাল করা হলে কলেজের শিক্ষার পরিবেশ পুরোপুরি ভেঙে পড়বে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি জনমতের তোয়াক্কা না করে বিতর্কিত ওই অধ্যক্ষকে পুনর্বহালের চেষ্টা চালিয়ে যায়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবেই দুর্নীতির রাজত্ব চলতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তাঁরা।

এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।