চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২১) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার মোচাইনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার হাবিল রহমানের ছেলে। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন এবং নিজস্ব একটি দোকান পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মোচাইনগর গ্রামের নওদাপাড়ায় আশাবুল হকের নির্মাণাধীন দ্বিতল ভবনের সিঁড়িতে টিন ও লোহার ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মোস্তাফিজুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে তার মাথার সংস্পর্শ হয়। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
গাংনী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. লিমন হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোস্তাফিজুর প্রায় ১০ সেকেন্ড বিদ্যুতের তারে আটকে ছিলেন। পরে ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাফর ইকবাল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!