গ্রেনেড
অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার।   ছবি: আরটিএনএন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি ফসলি জমিতে খাল খনন করার সময় মরিচা ধরা একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল সদৃশ) উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নান মিয়ার জমিতে শ্রমিকরা খাল খননের কাজ করছিলেন। খননকাজের একপর্যায়ে মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান তারা। বস্তুটি দেখতে হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো হওয়ায় আতঙ্কিত শ্রমিকরা কাজ বন্ধ করে দেন এবং জমির মালিককে বিষয়টি জানান।

পরে জমির মালিক থানা পুলিশকে খবর দিলে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটির গায়ে ‘PGF’ লেখা রয়েছে। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় এটিতে পুরো দমে মরিচা ধরে গেছে। তবে এটি এখনো সক্রিয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকৃত বস্তুটি বর্তমানে থানা হেফাজতে নিরাপদ স্থানে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে সেনাবাহিনী ও র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ (বোম্ব ডিসপোজাল) ইউনিটকে বিষয়টি জানিয়েছি। বিশেষজ্ঞ দল আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশেষজ্ঞ দলটি থানায় এসে পৌঁছায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলে ব্যাপক যুদ্ধ হওয়ায় এমন অবিস্ফোরিত গোলাবারুদ মাটির নিচে থেকে যেতে পারে।