জবিতে জকসু-ক্লাস প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
জবিতে জকসু-ক্লাস প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।   ছবি: আরটিএনএন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে ক্লাস প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং মিলেমিশে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের লোক প্রশাসন বিভাগের সেমিনার কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়ন, আবাসন সংকট, পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়াজ আহম্মদ বলেন, “আপনাদের ২১ দফা ইশতেহারের অনেক দফা পূরণ হয়নি। শিক্ষার্থীরা জানে না জকসু কী কাজ করছে। আবাসন বৃত্তির আশ্বাস দিয়ে অনেক শিক্ষার্থীকে সমস্যায় ফেলা হয়েছে।”

বাংলা বিভাগের শিক্ষার্থী মো. বাপ্পি বলেন, “গরমে ক্লাস করা কঠিন হয়ে পড়েছে। শ্রেণিকক্ষে এসির ব্যবস্থা প্রয়োজন। এছাড়া ক্লাস চলাকালে সাউন্ড বক্স ব্যবহার ও মিছিল বন্ধ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।”

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন অভিযোগ করেন, “আবাসন বৃত্তির তালিকায় নাম থাকলেও এখন বলা হচ্ছে টাকা দেওয়া হবে না। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুমাইয়া মাক্কি বলেন, “ছাত্রীদের জন্য নামাজের নির্দিষ্ট জায়গা নেই। প্রতিটি ভবনে নামাজের ব্যবস্থা করা এবং ক্যাম্পাসে সবুজায়ন বাড়ানো প্রয়োজন।”

সভায় জকসুর ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম জানান, ছাত্রীদের নামাজের ব্যবস্থার জন্য অর্থ জোগাড় হয়েছে এবং দ্রুত কাজ শুরু করা হবে। সাউন্ড বক্স ব্যবহারের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

আবাসন বৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, “বৃত্তির অর্থ সরাসরি জকসুর হাতে নেই। পূর্বের প্রশাসনের সময় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য জানানো হবে।”