‘দম’-এর ফার্স্ট লুকে দর্শকদের মধ্যে কৌতূহলের ঝড়।
‘দম’-এর ফার্স্ট লুকে দর্শকদের মধ্যে কৌতূহলের ঝড়।   ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ঈদুল ফিতরের আলোচিত সিনেমা ‘দম’-এর ফার্স্ট লুক। মাত্র ৫৪ সেকেন্ডের এই ভিডিওতে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর রহস্যময় উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতুহল ও আলোচনার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্ট লুকটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন শিল্পী ও নির্মাতারা।

টিজারের প্রতিটি দৃশ্যই যেন এক একটি রহস্যের জন্ম দিচ্ছে। পুরো ভিডিওতে অভিনেতা আফরান নিশোকে দেখা গেছে অত্যন্ত ক্লান্ত, রুগ্ন এবং ভীত এক লুকে। অন্যদিকে অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল গভীর অনিশ্চয়তা ও আতঙ্ক। চঞ্চল চৌধুরীর আতঙ্কিত ও বিস্মিত চাহনি দর্শকদের মনে প্রশ্ন তুলেছে—গল্পের শেষ কোথায়? ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের এই টিজারটি যেন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে এক রুদ্ধশ্বাস জীবন যুদ্ধের গল্প।

পুরো টিজারে কোনো সংলাপ নেই, একদম শেষে এসে কেবল একটি সংলাপ কানে বাজে। আফরান নিশোর কণ্ঠে শোনা যায়—“আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ।” এই একটি বাক্যই পুরো ভিডিওর আবেদনকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নেটিজেনদের মতে, এই সংলাপটিই সিনেমার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে।

রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমার চিত্রনাট্য তৈরিতে যুক্ত ছিলেন একঝাঁক মেধাবী নির্মাতা ও লেখক। সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবির সম্মিলিত লেখনীতে তৈরি হয়েছে এই শ্বাসরুদ্ধকর কাহিনী।

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি। 

এমআর/আরটিএনএন