‘বনলতা এক্সপ্রেস’ ৩ কোটির ক্লাবে, প্রেক্ষাগৃহে দর্শকের ঢল।
‘বনলতা এক্সপ্রেস’ ৩ কোটির ক্লাবে, প্রেক্ষাগৃহে দর্শকের ঢল।   ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বনলতা এক্সপ্রেস। তানিম নূর পরিচালিত এ সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে।

মুক্তির মাত্র চার দিনেই ছবিটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রি করে। এরপর আট দিনে ২ কোটির ক্লাবে পৌঁছানোর পর এবার ১১ দিনের মাথায় ৩ কোটির মাইলফলক ছুঁয়েছে তারকাখচিত এই সিনেমা।

পরিচালক তানিম নূর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমাটির টিমের দাবি, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট গ্রস আয় ৩ কোটির বেশি।

দর্শক চাহিদা বাড়ায় স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স–এ সিনেমাটির শো সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় একদিনে একাধিক শো চলায় দর্শকদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

তবে জনপ্রিয়তা বাড়লেও কিছু দর্শক চাহিদা অনুযায়ী টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন।

পরিচালক জানান, দর্শকদের ভালোবাসা ও সাড়া তাদের জন্য দারুণ আনন্দের। পরিবার ও বন্ধুদের নিয়ে দলবেঁধে সিনেমা দেখতে আসার প্রবণতাই ছবিটির সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন তিনি।

সিনেমাটি হুমায়ূন আহমেদ–এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই গল্পে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, লাবণ্য চৌধুরী এবং শামীমা নাজনীনসহ আরও অনেকে।