বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয়।
বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয়।   ছবি: সংগৃহীত

অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। স্ত্রী সঙ্গীতার দায়ের করা বিচ্ছেদ মামলা এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগ—সব মিলিয়ে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন এতদিন নীরব ছিলেন বিজয়। গত রোববার আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমবারের মতো ভক্তদের উদ্দেশ্যে মুখ খুললেন এই মেগাস্টার।

ভক্তদের উদ্দীপ্ত ও আশ্বস্ত করে বিজয় বলেন, “যা রটছে বা ঘটছে, তা হতে দিন। এসব কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের মূল্যবান সময় এসব নিয়ে ভেবে অপচয় করবেন না। আমি একাই এই পরিস্থিতি সামলে নেব। তবে আমার জন্য আপনাদের মন খারাপ হচ্ছে দেখে আমি সত্যিই কষ্ট পাই। আপনারা অকারণ দুশ্চিন্তা করবেন না।”

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়কে দেখা যাওয়ার পর থেকেই বিতর্কের আগুন আরও উসকে ওঠে। বিচ্ছেদ চর্চার মাঝেই তাঁদের একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা কড়া সমালোচনা শুরু করেন।

বিজয়ের স্ত্রী সঙ্গীতা অভিযোগ করেছেন, ২০২১ সাল থেকে বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। বিজয় বারবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি বিচ্ছেদের আবেদন করেছেন। আদালত ইতোমধ্যে বিজয়কে আগামী ২০ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন, যেদিন এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সুত্র: ইন্ডিয়া টুডে

এমআর/আরটিএনএন