ইফতার পার্টিতে বিশৃঙ্খলা, অস্বস্তিকর মুহূর্তে হিনা খান।
ইফতার পার্টিতে বিশৃঙ্খলা, অস্বস্তিকর মুহূর্তে হিনা খান।   ছবি: সংগৃহীত

একটি ইফতার অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন ভারতীয় অভিনেত্রী হিনা খান। অনুষ্ঠানে পৌঁছানোর পর ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রিয় তারকাকে সামনে পেয়ে অনেক ভক্তই তার সঙ্গে ছবি তোলা ও সেলফি নেওয়ার জন্য ভিড় করেন। একই সময়ে কয়েকজন আলোকচিত্রীও ছবি তুলতে গিয়ে হুড়োহুড়ি শুরু করলে পরিস্থিতি আরও অগোছালো হয়ে পড়ে।

এ সময় নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলে অভিনেত্রী নিজেই এগিয়ে আসেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং চিৎকার চেঁচামেচি বন্ধ করতে অনুরোধ করেন। তার হস্তক্ষেপের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেন অভিনেত্রীর পক্ষে মন্তব্য করেন এবং কিছু আলোকচিত্রীর আচরণকে অপেশাদার বলে সমালোচনা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করার পর বর্তমানে সুস্থতার পথে রয়েছেন হিনা খান। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে কাজে ফিরলেও জনসমাগমে এমন পরিস্থিতিতে পড়ে তাকে বিব্রত হতে হয়েছে।