অস্কারে ধর্মেন্দ্রকে স্মরণ না করায় ক্ষোভ প্রকাশ করলেন হেমা মালিনী।
অস্কারে ধর্মেন্দ্রকে স্মরণ না করায় ক্ষোভ প্রকাশ করলেন হেমা মালিনী।   ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ মর্যাদার চলচ্চিত্র পুরস্কার অস্কারের মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার ধর্মেন্দ্রকে যথাযথ শ্রদ্ধা না জানানো নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে তার নাম থাকা সত্ত্বেও মূল অনুষ্ঠান চলাকালীন ইন মেমোরিয়াম (স্মরণিকা) অংশে তার নাম বা ছবি দেখানো হয়নি। এ নিয়ে ভক্তদের পাশাপাশি ধর্মেন্দ্রর পরিবারও ক্ষুব্ধ।

প্রতি বছর অস্কারের মূল আয়োজনে গত বছর প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারের অনুষ্ঠানে ধর্মেন্দ্রর নাম তালিকাভুক্ত থাকলেও সম্প্রচারের সময় তাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এর আগে কিছুদিন আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটার মঞ্চে ধর্মেন্দ্রকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছিল।

ধর্মেন্দ্রর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী এই উদাসীনতাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন, পুরস্কার না পাওয়া নিয়ে তারা খুব বেশি অবাক হননি। হেমা বলেন, “তিনি জীবদ্দশায়ও বিশেষ পুরস্কার পাননি, তাই অস্কারের প্রতি আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না। অস্কারের মঞ্চে কী হয়েছে, তা নিয়ে আমরা খুব চিন্তিত নই।”

হেমা আরও জানিয়েছেন, ধর্মেন্দ্র তার দীর্ঘ ক্যারিয়ারে বারবার পুরস্কার বঞ্চিত হয়েছেন। তবে পুরস্কারের চেয়েও দেশের মানুষ এবং ভক্তদের ভালোবাসাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অনুরাগীরাও অস্কারের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

সিমু/আরটিএনএন