অরিজিতের মতো এবার প্লেব্যাক থেকে বিরতি নিতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল।
অরিজিতের মতো এবার প্লেব্যাক থেকে বিরতি নিতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল।   ছবি: সংগৃহীত

বছরের শুরুতেই জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিত সিং প্লেব্যাক থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। এবার সেই একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন আরও এক ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রেয়া বর্তমানে গান গাওয়ার ক্ষেত্রে ক্লান্তি অনুভব করছেন। তিনি ভাবছেন, সাময়িকভাবে গান থেকে বিরতি নেওয়া তার জন্য প্রয়োজন। বিশেষ করে তিনি লাইভ কনসার্টে ‘লিপ-সিঙ্ক’ বা যান্ত্রিক পদ্ধতিতে গান গাওয়ার প্রবণতাকে একেবারেই সমর্থন করেন না।

শ্রেয়া স্পষ্ট করে বলেছেন, “যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করতে হবে, সেদিনই আমি গান থেকে সরে দাঁড়াব।” তিনি অরিজিতের বিরতির প্রসঙ্গও টেনে উল্লেখ করেছেন, মাঝে মাঝে নিজেও বিরতি নেওয়ার প্রয়োজন অনুভব করেন।

এর আগে অরিজিত সোশ্যাল মিডিয়ায় প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দেন। সেখানে তিনি লিখেছিলেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ নেব না। এই সংগীত যাত্রা ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা।”

শ্রেয়া ঘোষালের এই ঘোষণায় অনুরাগীদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গানের জগতে তার অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করলে, তার বিরতির সিদ্ধান্ত নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।