অর্থ ও বাণিজ্য, অর্থনীতি, রাজস্ব, ট্যাক্স, আয়কর, রিটার্ন,
জাতীয় রাজস্ব ভবন।   ছবি: সংগৃহীত

২০২৫–২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে করযোগ্য সীমার নিচে আয় দেখিয়ে ‘জিরো রিটার্ন’ জমা দিয়েছেন ২২ লাখের বেশি করদাতা। অন্যদিকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন।

বুধবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দাখিল করা ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন।

বেতন থেকে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী করদাতা। পাশাপাশি বাড়ি ভাড়া থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ ও ৮৪ হাজার ৪৭৭ জন নারী।

এদিকে করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন এমন করদাতার মধ্যে ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন পুরুষ এবং ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন নারী রয়েছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, দাখিল করা রিটার্ন অনুযায়ী ৫ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ ও ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ থেকে ২০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ এবং ৪৭ হাজার ৫৩২ জন নারী। ২০ থেকে ৪০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ ও ১১ হাজার ৪৫৫ জন নারী করদাতা। আর ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ এবং ৫ হাজার ১১৭ জন নারী।

সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, গত বছরের আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন করদাতা ই-রিটার্ন জমা দেন। চলতি বছরের জানুয়ারিতে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ই-রিটার্ন জমা দিয়েছিলেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা।

এ বছর এক বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

গত বছরের ৪ আগস্ট [www.etaxnbr.gov.bd](http://www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫–২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করা হয়। এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই ব্যাপক অংশগ্রহণ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তি-শ্রেণির করদাতাদের আগামী ৩১ মার্চের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরবিএ/আরটিএনএন