এনবিআর, রিটার্ন দাখিল
রাজস্ব ভবন।   ফাইল ছবি

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময় অনুমোদনের জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে হলে করদাতাদের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের আগে আবেদন করতে হবে।

সোমবার (১৬ মার্চ) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে দাখিল করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। করদাতার সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে তিনি কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

এদিকে যেসব করদাতার অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই, তারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন সময় বাড়াতে পারবেন। তবে তারা চাইলে অনলাইনেও সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

চলতি করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি করদাতা নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫–২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।