আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টি,
আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টি।   ছবি: সংগৃহীত

আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিতে গত তিন দিনে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বুধবার (২১ জানুয়ারি) থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) পর্যন্ত দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এএনডিএমএ প্রকাশিত মানচিত্রে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর চিত্র তুলে ধরা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্যোগে আরও অন্তত ১১০ জন আহত হয়েছেন। এছাড়া ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এতে মোট ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির এক মুখপাত্র।

এক ভিডিও বার্তায় তিনি তুষারাচ্ছন্ন সড়কে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এদিকে, আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সালাং মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পারওয়ান প্রদেশের কর্তৃপক্ষ।

অন্যদিকে, মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশের একটি পার্বত্য গিরিপথে আটকে পড়া যাত্রীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।