যুক্তরাষ্ট্র, তুষারপাত
নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় সোমবার শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে এবং পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) তুষারপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।

একটি রাষ্ট্রীয় সংস্থা সতর্ক করে বলেছে, নিউইয়র্কে ভ্রমণ পরিস্থিতি ‘প্রায় অসম্ভব’ হয়ে উঠেছে। ঝড়ের কারণে পূর্ব উপকূলজুড়ে ৬ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস।

শীতকালীন ঝড়ের সতর্কতা নর্থ ক্যারোলাইনা থেকে মেইন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। পাশাপাশি পূর্ব কানাডার কিছু অংশেও সতর্কতা জারি রয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তর-পূর্ব উপকূলের কিছু এলাকায় ১ থেকে ২ ফুট (প্রায় ৬১ সেমি) পর্যন্ত অতিরিক্ত তুষারপাত হতে পারে।

দেশটির সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ডে এবারের ঝড়ে সর্বোচ্চ তুষারপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি রাজ্যটির ইতিহাসে অন্যতম ভয়াবহ তুষারঝড়।

পরিস্থিতি মোকাবিলায় রোড আইল্যান্ড ও পার্শ্ববর্তী কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তীতে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন।

ঝড়ের প্রভাবে বিমান চলাচল, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের ঘরে অবস্থান ও প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে।