ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, চাক শুমার
মার্কিন সিনেটের সংখ্যালঘু দলের নেতা (মাইনরিটি লিডার) চাক শুমার   ছবি: সংগৃহীত

মার্কিন সিনেটের সংখ্যালঘু দলের নেতা (মাইনরিটি লিডার) চাক শুমার বলেছেন, এক মাসেরও কম সময়ের মধ্যে পেট্রোলের দাম প্রায় ৭৫ শতাংশ বেড়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শুমার বলেন, “এক মাস আগেও দেশজুড়ে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল ২.৯৩ ডলার। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৯৪ ডলারে। এর জন্য একজন ব্যক্তিই দায়ী: ডোনাল্ড ট্রাম্প।”

বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এই শীর্ষ নেতা ইরানে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধী ছিলেন এবং তিনি এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া পূর্ববর্তী আরেকটি পোস্টে শুমার উল্লেখ করেছিলেন যে, যুদ্ধ পরিচালনার নামে হাজার হাজার কোটি ডলার “অপচয় করা হচ্ছে”।

এর আগে ‘এক্স’-এ অন্য একটি পোস্টে শুমার উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে শত শত কোটি ডলার “জলে যাচ্ছে”। এর ফলে প্রতি গ্যালন (প্রায় ৪.৫ লিটার) জ্বালানি তেলের দাম বেড়ে এখন গড়ে ৩.৯৪ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর বিষয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের সিদ্ধান্তটি কংগ্রেসের জন্য একটি অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, যদিও কংগ্রেস এখন তাঁর দলেরই নিয়ন্ত্রণে। রিপাবলিকানরা মূলত প্রেসিডেন্টের পাশেই রয়েছেন, তবে শীঘ্রই তাঁদের যুদ্ধের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে।

‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’ বা যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ৬০ দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন। এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা সামরিক অভিযান বন্ধে যেসব প্রস্তাব এনেছিল, রিপাবলিকানরা সহজেই ভোটের মাধ্যমে সেগুলো নাকচ করে দিয়েছেন।

তবে আইনপ্রণেতারা বলছেন, প্রশাসনকে সামনে আরও সুর্নিদিষ্ট ও বিস্তারিত কৌশল দেখাতে হবে, অন্যথায় কংগ্রেসের তোপের মুখে পড়তে হতে পারে। বিশেষ করে এমন এক সময়ে এই চাপ আসছে, যখন তাঁদের কাছে যুদ্ধের জন্য নতুন করে শত শত কোটি ডলারের অনুমোদন চাওয়া হচ্ছে।

ট্রাম্পের একটি মন্তব্য—যুদ্ধ তখনই থামবে “যখন আমি আমার হাড়ে হাড়ে টের পাব (বা মন থেকে অনুভব করব)”—বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট ও ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার এ নিয়ে বলেন, “তিনি হাড়ে হাড়ে টের পেলে যুদ্ধ থামাবেন? এ তো পাগলামি!”

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই