ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে।   ছবি: সংগৃহীত

সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, গত বুধবার (১ এপ্রিল) একটি তৃতীয় বন্ধুপ্রতীম দেশের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছিল। তবে প্রস্তাব পাঠানো সেই দেশটির নাম গোপন রাখা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন একের পর এক চ্যালেঞ্জ ও হামলার শিকার হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই প্রস্তাব আসে। বিশেষত, কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার পর যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়ে।

তবে ইরান এই প্রস্তাবের কোনো লিখিত উত্তর না দিয়ে বরং যুদ্ধের ময়দানেই এর জবাব দিয়েছে। বিভিন্ন ফ্রন্টে হামলার তীব্রতা বাড়িয়ে तेহরান তাদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে, যাতে এ পর্যন্ত ১,৩৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জবাবে, ইরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রমাগত পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

 

সূত্র : আলাদোলু এজেন্সি

আরটিএনএন/এআই