মানবতাবিরোধী অপরাধ মামলা: অভিযুক্তের তালিকায় মামুন ও মাসুদ।
মানবতাবিরোধী অপরাধ মামলা: অভিযুক্তের তালিকায় মামুন ও মাসুদ।   ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আসামি করা হচ্ছে।

রোববার তাদের গ্রেপ্তার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবেদন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে শেখ মামুন খালেদকে এবং জুলাইয়ের গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানাধীন দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একইভাবে, পৃথক আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেওয়া হয়।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে বুধবার গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যা মামলায় পরদিন বৃহস্পতিবার তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডিবি হেফাজতে তাঁকেও জিজ্ঞাসাবাদ চলছে।

ডিবি জানায়, রিমান্ডে থাকা আরেক সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট মামলার বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্ষমতা ব্যবহার করে অপরাধ করার সক্ষমতা তাঁর ছিল। এসব বিষয়ে তাঁর কাছ থেকে জানতে চাওয়া হবে।