গ্রেপ্তার
দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার।   ছবি: আরটিএনএন

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে ছুরি, চাপাতি ও লোহার রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে ছয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, রাজধানীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।