ইমোশনাল ইন্টেলিজেন্সি নিজেকে গড়ে তোলার ইচ্ছার অপর নাম।
ইমোশনাল ইন্টেলিজেন্সি নিজেকে গড়ে তোলার ইচ্ছার অপর নাম।   ছবি: সংগৃহীত

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে শুধু আইকিউ নয়, ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের আবেগকে বোঝা ও নিয়ন্ত্রণ করা এবং অন্যের অনুভূতি উপলব্ধি করার সক্ষমতাই ইকিউয়ের মূল ভিত্তি। কিন্তু অনেক সময় কিছু আচরণ—যেমন সহজে রেগে যাওয়া, সমালোচনা মেনে নিতে না পারা বা অন্যের অনুভূতি বুঝতে ব্যর্থ হওয়া—কম ইকিউয়ের ইঙ্গিত দিতে পারে। নিচে এমন কয়েকটি লক্ষণ তুলে ধরা হলো।

১. কৌতূহলের অভাব

গবেষণায় দেখা গেছে, নতুন কিছু জানার আগ্রহ কমে যাওয়া বা কৌতূহলহীনতা অনেক সময় সৃজনশীলতার ঘাটতির সঙ্গে সম্পর্কিত। তবে হতাশা, ক্লান্তি, ব্যক্তিগত ট্রমা, অনুপ্রেরণার অভাব বা সুযোগের সীমাবদ্ধতার কারণেও সাময়িকভাবে মানুষের কৌতূহল কমে যেতে পারে।

২. সবজান্তা ভাব বা ডানিং–ক্রুগার প্রভাব

১৯৯৯ সালে মনোবিজ্ঞানী ডেভিড ডানিং ও জাস্টিন ক্রুগার এই ধারণাটি ব্যাখ্যা করেন। এতে দেখা যায়, কিছু মানুষ নিজেদের জ্ঞান বা দক্ষতাকে অতিরঞ্জিতভাবে মূল্যায়ন করেন। ফলে তারা নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারেন না এবং নতুন কিছু শেখার আগ্রহও ধীরে ধীরে কমে যায়।

৩. সাদা-কালো চিন্তাভাবনা

উচ্চ বিশ্লেষণক্ষমতাসম্পন্ন মানুষ সাধারণত কোনো বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেন। কিন্তু কেউ যদি সবকিছুকে শুধু সঠিক বা ভুল—এই দুই ভাগে বিচার করেন, তাহলে তা জটিল চিন্তার অভাবের ইঙ্গিত হতে পারে।

৪. হঠাৎ রেগে যাওয়া

নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারা কম ইকিউয়ের অন্যতম লক্ষণ। অনেক সময় রাগ বা আবেগের বশে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে বসে, যা পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে।

৫. ভুল থেকে শিক্ষা না নেওয়া

নিজেকে মূল্যায়ন করা বা মেটাকগনিশনের ক্ষমতা ব্যক্তিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। কেউ যদি গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে না পারেন এবং ভুল থেকে শিক্ষা না নেন, তাহলে তার আত্মোন্নয়নের পথ বাধাগ্রস্ত হতে পারে।

৬. জটিল বিষয়কে খুব সরলভাবে ব্যাখ্যা করা

কখনো কখনো মানুষ জটিল বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে আগ্রহী হন না। এটিকে অনেক সময় ‘কগনিটিভ লেজিনেস’ বলা হয়। তবে তথ্যের অভাব বা পরিবেশগত প্রভাবের কারণেও এমন প্রবণতা দেখা দিতে পারে।

৭. বেশি কথা বলা, কম শোনা

অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস বা ‘অ্যাকটিভ লিসনিং’ উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যারা বেশি কথা বলেন কিন্তু অন্যের কথা কম শোনেন, তাদের মধ্যে কম ইকিউয়ের লক্ষণ দেখা যেতে পারে।

৮. অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া

অন্যের মতামতকে সম্মান না করা, অন্যের সুখ বা সফলতায় ঈর্ষা করা এবং অন্যের কষ্ট উপলব্ধি করতে না পারা—এসব আচরণও কম ইকিউয়ের লক্ষণ হতে পারে।

গুরুত্বপূর্ণ সতর্কতা

তবে এসব লক্ষণ থাকলেই কাউকে ‘কম বুদ্ধিমান’ বলা যায় না। কারণ বুদ্ধিমত্তা মূলত আইকিউয়ের সঙ্গে সম্পর্কিত, ইকিউয়ের সঙ্গে নয়। এছাড়া মানসিক চাপ, বার্নআউট, এডিএইচডি, পরিবেশগত প্রভাব বা সাময়িক মানসিক অবস্থার কারণেও এমন আচরণ দেখা দিতে পারে। তাই কোনো ব্যক্তিকে বিচার করার আগে বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা জরুরি।

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড